২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনার নাম জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
স্পেন কোচ বলেন, ফাইনালে তিনি আর্জেন্টিনার মুখোমুখি হতে চান। এর কারণ হিসেবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করেন তিনি।
সেমিফাইনাল জয়ের পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, স্কালোনির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চান। তবে ইংল্যান্ডও শক্তিশালী দল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এবারের বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই সেমিফাইনালে উঠেছে। তাই ফাইনালে যে দলই আসুক, ম্যাচটি কঠিন হবে।
ফ্রান্সের বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে স্পেন কোচ বলেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেও তাঁর খেলোয়াড়রা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। দলের আত্মনিবেদন ও মানসিকতার প্রশংসা করেন তিনি।
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালের আগে স্কালোনিও দে লা ফুয়েন্তের প্রশংসা করেন। তিনি বলেন, স্পেন কোচ একজন অসাধারণ মানুষ এবং তাঁর সাফল্য প্রাপ্য।
স্কালোনি জানান, কোচিং কোর্সের সময় দে লা ফুয়েন্তে তাকে সহযোগিতা করেছিলেন। মজার ছলে তিনি বলেন, ফাইনালের আগে প্রয়োজন হলে হয়তো বন্ধুকে ফোন করতে পারেন, তবে আশা করেন এমন পরিস্থিতি তৈরি হবে না।
উল্লেখ্য, স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে প্রশিক্ষক হিসেবে দে লা ফুয়েন্তের সঙ্গে স্কালোনির পরিচয় হয়। সেই সময় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।
মন্তব্যসমূহ