২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের একটি ভয়ংকর ট্যাকলের দৃশ্য জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায়। স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসিকে ফাউল করার মুহূর্তে তোলা ছবিটি বিশ্বকাপের অন্যতম আলোচিত ঘটনার স্মৃতি নতুন করে সামনে এনেছে।
চলতি বছর শেষ হওয়ার প্রায় এক মাস আগেই ২০২৬ সালের নির্বাচিত ১০০টি আলোকচিত্র প্রকাশ করেছে টাইম। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, সংঘাত ও মানবিক মুহূর্তের পাশাপাশি ক্রীড়াঙ্গনের কয়েকটি আলোচিত ছবিও স্থান পেয়েছে এই তালিকায়। তার মধ্যে রয়েছে আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনালের সেই নাটকীয় দৃশ্য।
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্প্যানিশরা।
তবে শিরোপা নির্ধারণী ম্যাচটির অন্যতম আলোচিত ঘটনা ছিল এনজো ফার্নান্দেজের ফাউল। স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসিকে বিপজ্জনকভাবে ট্যাকল করার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ফলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
ট্যাকলটি এতটাই শক্তিশালী ছিল যে এনজোর পায়ের আঘাতে কুবারসি মাটি থেকে অনেকটা ওপরে উঠে যান। এরপর মাঠে পড়ে ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে।
সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন গেটি ইমেজেসের আলোকচিত্রী আল বেল্লো। তাঁর তোলা ছবিতে দেখা যায়, এনজোর মাথার ওপর দিয়ে শূন্যে উড়ে যাচ্ছেন কুবারসি। নিচে মাঠের ঘাসে দুই ফুটবলারের ছায়া এবং মাঝমাঠের সাদা রেখা দৃশ্যটিকে আরও নাটকীয় করে তুলেছে।
ম্যাচের ভিডিওতে ফাউলের পুরো ঘটনাটি দেখা গেলেও আল বেল্লোর স্থিরচিত্রে ধরা পড়েছে সংঘর্ষের এক বিশেষ মুহূর্ত। সেই ছবিটিই এবার টাইমের ২০২৬ সালের সেরা ১০০ আলোকচিত্রের তালিকায় স্থান পেয়েছে।
তবে শুধু বিশ্বকাপ ফাইনালের ঘটনাই নয়, টাইমের নির্বাচিত ছবির তালিকায় উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত গাজার ফুটবল মাঠে খেলোয়াড়দের ফিরে আসার দৃশ্যও।
গত ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে ছবিটি তোলেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের আলোকচিত্রী জেহাদ আলশরাফি। ছবিতে দেখা যায়, গাজা স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করছেন আল-আহলি ক্লাবের ফুটবলাররা।
ইসরায়েলের স্থল ও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত অসংখ্য ভবনের মাঝখানে তৈরি করা হয়েছে এই ফুটবল মাঠ। আশপাশের ধ্বংসস্তূপ সরিয়ে পুরোনো কৃত্রিম ঘাস ব্যবহার করে মাঠটিকে খেলার উপযোগী করে তোলে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন।
ইসরায়েল-হামাস যুদ্ধের সময় গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপর নতুনভাবে প্রস্তুত করা এই মাঠ স্থানীয় ফুটবলারদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এখানে স্থানীয় ক্লাবগুলোর খেলোয়াড়দের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতার শিকার ফুটবলারদেরও আবার খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এনজো ফার্নান্দেজের ফাউলের নাটকীয় মুহূর্ত এবং গাজার ধ্বংসস্তূপে ফুটবল অনুশীলনের ছবি, দুটি ভিন্ন বাস্তবতাকে তুলে ধরেছে টাইমের বর্ষসেরা আলোকচিত্রের তালিকায়। একটি বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা, অন্যটি যুদ্ধের মধ্যেও মাঠে ফেরার প্রচেষ্টা।
সূত্র : টাইম ম্যাগাজিন














মন্তব্যসমূহ