বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি আবু সাদিক কায়েম সংগঠনটি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে সাদিক কায়েম লিখেছেন, সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে সেদিনই তাঁর আনুষ্ঠানিক ছুটি হয়েছে। ছাত্রশিবিরকে নিজের “আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন” উল্লেখ করে তিনি জানান, জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো এই সংগঠনের সঙ্গেই কেটেছে।
তিনি আরও লিখেছেন, ছাত্রশিবির তাঁকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলতে শিখিয়েছে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রেখেছে। একই সঙ্গে সংগঠনটি তাঁকে আত্মিক ও আধ্যাত্মিক বিকাশের পথনির্দেশনাও দিয়েছে।
অতীতের স্মৃতিচারণ করে সাদিক কায়েম লেখেন, সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের সান্নিধ্য তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি বাঁকে তিনি তাঁদের কাছ থেকে শিখেছেন এবং অনুপ্রেরণা পেয়েছেন বলেও উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, সংগঠনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক কবুল করা হোক। পাশাপাশি ভবিষ্যতে নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে সংগঠনটি যেন ভূমিকা রাখতে পারে এবং যোগ্য নেতৃত্ব লাভ করে, সেই কামনাও করেন তিনি।
মন্তব্যসমূহ