ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ফ্রান্স মুখোমুখি হতে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে মরক্কোকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান রানার্সআপ ফ্রান্স।
দুই দলের এই লড়াইকে অনেকেই বলছেন ‘ফাইনালের আগের ফাইনাল’। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্স এবং লামিন ইয়ামালদের তরুণ ও আক্রমণাত্মক স্পেন—দুই দলের দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।
বাংলাদেশ সময় আগামী বুধবার (১৫ জুলাই) রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই হাইভোল্টেজ লড়াইয়ের বিজয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের ফাইনালে।
কোয়ার্টার ফাইনালে স্পেন ২-১ গোলে হারায় বেলজিয়ামকে। প্রথমার্ধে ফাভিয়ান রুইজ স্পেনকে এগিয়ে দিলেও চার্লস ডি কেটেলারার গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ম্যাচের শেষ দিকে মিকেল মেরিনোর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে স্প্যানিশরা। এর আগেও পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে দলকে জিতিয়েছিলেন এই মিডফিল্ডার।
অন্যদিকে মরক্কোর বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ফ্রান্স। ২-০ গোলের জয়ে সহজেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দিদিয়ের দেশমের শিষ্যরা।
বিশ্বকাপ ও ইউরোপীয় প্রতিযোগিতায় স্পেন-ফ্রান্স দ্বৈরথ নতুন নয়। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। এরপর উয়েফা নেশনস লিগে দুই দলের শেষ দেখায় ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ও পেয়েছিল স্প্যানিশরা।
২০১০ সালের পর আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। অন্যদিকে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবে। তাই এই সেমিফাইনাল শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, ইউরোপের দুই পরাশক্তির মর্যাদার লড়াইও।














মন্তব্যসমূহ