চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
শুক্রবার সকালে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তিনি বাঁশখালীর গুনাগরি ইউনিয়নের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে অবগত হন।
পরিদর্শনের সময় হাঁটু থেকে কোমরসমান পানিতে নেমে বিভিন্ন পরিবারের বাড়িতে যান ডা. শফিকুর রহমান। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তিনি জানান, সামর্থ্য অনুযায়ী জামায়াতে ইসলামী বন্যাদুর্গত মানুষের সহায়তায় কাজ চালিয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় বহু মানুষ ঘরবাড়ি, কৃষিজমি ও অন্যান্য সম্পদের ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শনের সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বাঁশখালীর কর্মসূচি শেষে তিনি সাতকানিয়ার উদ্দেশে রওনা হন।
মন্তব্যসমূহ