ভারী বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ায় সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়া ৫৬১ পর্যটকের মধ্যে ১৫০ জন সেনাবাহিনীর সহায়তায় এলাকা ছেড়েছেন।
বৃহস্পতিবার বিকালে মাচালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার এলাকার ডুবে থাকা সড়ক নৌকায় পার করে পর্যটকদের নিরাপদে শহরের পথে পাঠানো হয়।
বাঘাইহাট সেনাবাহিনী জোন থেকে জানানো হয়েছে, সাজেকে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। তাদের মধ্যে ১৫০ জন সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন। ফিরে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় ১০০ জন পুরুষ, ৪০ জন নারী ও ১০ জন শিশু ছিলেন। বাকিদের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, জরুরি কাজ থাকা অনেক পর্যটক ধাপে ধাপে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন। যারা এখনও অবস্থান করছেন, তারা রিসোর্টে থাকছেন। পানি কমে গেলে তারাও নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন।
আটকে পড়া পর্যটকদের থাকা-খাওয়ার বিষয়ে তিনি বলেন, পর্যটকদের আপাতত সাজেক ভ্যালিতেই থাকতে বলা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে এবং যাতায়াতের পরিবেশ তৈরি হলে সেনাবাহিনীর সহায়তায় তাদের খাগড়াছড়ি সদরে ফিরিয়ে আনা হবে।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আটকে পড়া পর্যটকদের কাছ থেকে হোটেলভাড়া নেওয়া হবে না। শুধু পানির বিল দিয়ে তারা অবস্থান করতে পারবেন। খাবারের বিষয়েও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু-সাজেক সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে।
দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে মঙ্গলবার বিকালে সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। তবে আটকে পড়া পর্যটকরা নিষেধাজ্ঞার আগেই সেখানে গিয়েছিলেন। বুধবার তাদের ফেরার কথা থাকলেও সড়ক ডুবে যাওয়ায় তারা ফিরতে পারেননি।














মন্তব্যসমূহ