প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ছয় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। মঙ্গলবার রাতে দীঘিনালা-সাজেক সড়কের মাচালং ও বাঘাইহাটসহ বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। কয়েকটি স্থানে পাহাড়ধসের কারণে যানবাহন চলাচলও বন্ধ হয়ে পড়ে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে সাজেক ভ্রমণ, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আপাতত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পানি নেমে সড়ক সচল হলে তাদের খাগড়াছড়ি সদরে পাঠানোর ব্যবস্থা করা হবে।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি জানিয়েছে, আটকে পড়া পর্যটকদের খাবার ও পানির সংকট যেন না হয়, সে বিষয়ে তদারকি চলছে। আকস্মিক পরিস্থিতির কারণে রুম ভাড়ায় ছাড়ও দেওয়া হয়েছে। কিছু কটেজ আপাতত ভাড়া নিচ্ছে না, আর সমিতির পক্ষ থেকে রুম ভাড়ায় ৫০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।
স্থানীয় প্রশাসন পর্যটক ও ট্যুর অপারেটরদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় স্থানীয় অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।
মন্তব্যসমূহ