ছাত্র-জনতার জুলাই গণআন্দোলন নিয়ে কটূক্তিকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মাল্টিপারপাস হলে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এই সেমিনারে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার এবং বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
আখতার হোসেন বলেন, বাংলাদেশে দীর্ঘদিন জবাবদিহিতার অভাব ছিল। নির্বাচন ব্যবস্থা ও বিচার ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার ভাষায়, জুলাই আন্দোলনের দুটি প্রধান লক্ষ্য ছিল—আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো এবং ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা বিলুপ্ত করা।
তিনি বলেন, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের পথ তৈরি হয়েছে। তাই জুলাই গণআন্দোলনের চেতনা বাস্তবায়নে রাজনৈতিক সংস্কার জরুরি।
সংস্কার ইস্যুতে বিএনপির ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির সদস্যসচিব। তিনি অভিযোগ করেন, বিএনপি শুরু থেকেই সংস্কারের বিষয়ে গড়িমসি করছে। ঐকমত্য কমিশনের আলোচনাতেও তারা বিভিন্ন বিষয়ে আপত্তি জানিয়েছে।
আখতার হোসেন বলেন, উচ্চকক্ষ, নতুন বিচারিক প্রক্রিয়া, পিএসসি ও দুদকে নিয়োগসহ বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির অনীহা রয়েছে।
জুলাই আন্দোলন নিয়ে কটূক্তির প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের রায় মেনে দ্রুত সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে। মতপ্রকাশের স্বাধীনতার নামে যারা প্রকাশ্যে জুলাই গণআন্দোলনকে কটূক্তি করছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
মন্তব্যসমূহ