বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ মুক্তির আগে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এর জাঁকজমকপূর্ণ ওয়ার্ল্ড প্রিমিয়ার। সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত এই আয়োজনে ছবির নির্মাতা, অভিনয়শিল্পী এবং বিনোদন জগতের অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রিমিয়ারে অংশ নেওয়া তারকারা একবাক্যে ক্রিস্টোফার নোলানের নির্মাণশৈলী, নেতৃত্ব এবং কাজের পরিবেশের প্রশংসা করেন। আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে প্রাচীন গ্রিক মহাকাব্য ‘ওডিসি’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র।
প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ম্যাট ডেমন, জেনডায়া, টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, চার্লিজ থেরন, লুপিতা নিয়ং’ও, জন লেগুইজামো, বেনি স্যাফডি, হিমেশ প্যাটেল, সামান্থা মর্টন, এলিয়ট পেজ, ট্রাভিস স্কট, মিয়া গথ এবং কোরি হকিন্সসহ ছবির কলাকুশলীরা।
ছবিতে ওডিসিউস চরিত্রে অভিনয় করা ম্যাট ডেমন বলেন, চলচ্চিত্রটির শুটিং ছিল তার অভিনয়জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। বিভিন্ন কঠিন লোকেশনে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, এত বড় পরিসরের প্রযুক্তিনির্ভর নির্মাণ আগে কখনও দেখেননি। নোলান যখন তাকে এই চরিত্রের প্রস্তাব দেন, তখন থেকেই তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
‘টেনেট’-এর পর আবারও নোলানের সঙ্গে কাজ করা রবার্ট প্যাটিনসন বলেন, বিশাল আয়োজনের মধ্যেও নোলান সব সময় শান্ত ও সুসংগঠিত থাকেন। তার মতে, এই চলচ্চিত্র দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।
এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে হলিউডের জনপ্রিয় জুটি জেনডায়া ও টম হল্যান্ডকে। জেনডায়া বলেন, টেলেম্যাকাস চরিত্রে টম হল্যান্ডের অভিনয় তাকে মুগ্ধ করেছে এবং দর্শক খুব শিগগিরই অভিনেতার দুটি ভিন্নধর্মী চরিত্র উপভোগ করার সুযোগ পাবেন।
টম হল্যান্ড বলেন, এই চলচ্চিত্রে কাজ করা তার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। তিনি মনে করেন, এটি হয়তো কিশোর চরিত্রে তার শেষ অভিনয়।
ক্যালিপসো চরিত্রে অভিনয় করা চার্লিজ থেরনের ভাষ্য, এমন বিশাল ও সাহসী গল্প পর্দায় তুলে ধরার সক্ষমতা খুব কম নির্মাতার রয়েছে এবং নোলান তাদের অন্যতম।
অভিনেতা জন লেগুইজামো বলেন, ‘দ্য ওডিসি’কে তিনি নোলানের অন্যতম সেরা নির্মাণ বলে মনে করেন। তার মতে, নোলান এমন একটি পরিবেশ তৈরি করেন যেখানে অভিনয়শিল্পীরা নিজেদের সেরাটা তুলে ধরতে পারেন।
আগামেমনন চরিত্রে অভিনয় করা বেনি স্যাফডি জানান, নোলানের আত্মবিশ্বাসই তাকে চরিত্রটি সফলভাবে ফুটিয়ে তুলতে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে র্যাপার ট্রাভিস স্কট বলেন, নোলানের কাছ থেকে এই ছবিতে কাজের প্রস্তাব পাওয়া তার কাছে বিশেষ সম্মানের বিষয়।
প্রিমিয়ারে গণমাধ্যমের সঙ্গে আলাদা করে কথা না বললেও সিনেমা হলের ভেতরে সংক্ষিপ্ত বক্তব্য দেন ক্রিস্টোফার নোলান। সেখানে তিনি রসিকতা করে বলেন, যারা রাত জেগে বিশ্বকাপের ম্যাচ দেখেছেন, তারা যেন সিনেমার শান্ত দৃশ্যগুলোতে ঘুমিয়ে না পড়েন।
উল্লেখ্য, ‘দ্য ওডিসি’ ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ৭০ মিলিমিটার ক্যামেরায় ধারণ করা হয়েছে। মুক্তির আগেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি ব্যাপক সাড়া ফেলেছে।
মন্তব্যসমূহ