জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সরকারের গঠিত সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ, স্বাস্থ্য খাতের সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে ছয়টি প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। এতে আন্তর্জাতিক সংঘাত বন্ধ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার বিষয়েও বিভিন্ন দাবি জানানো হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা মনে করে, দেশের বর্তমান রাজনৈতিক সংকট, অর্থনৈতিক স্থবিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনস্বাস্থ্য সমস্যা এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি প্রবাসীদের কর্মসংস্থান সংকট, দেশে ফিরে আসা কর্মীদের দুর্ভোগ এবং আন্তর্জাতিক সংঘাতের প্রভাবও আলোচনায় গুরুত্ব পেয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে দলটির বক্তব্য, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও স্বাক্ষরিত সনদ এবং সংবিধান সংস্কার প্রশ্নে গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটারের ‘হ্যাঁ’ ভোট একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ভিত্তি তৈরি করেছে।
কিন্তু গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে জামায়াত।
দলটির অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত যথাযথভাবে বিবেচনা না করে এই উদ্যোগ নেওয়ায় জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে। এটি রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং রাজনৈতিক অগ্রগতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় মজলিসে শূরা।
এ পরিস্থিতিতে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে জাতীয় ঐকমত্য ধরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য খাতের পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত। দলের প্রস্তাবে বলা হয়, চলতি বছর হাম ও ডেঙ্গুর বিস্তারে শিশু থেকে বয়স্ক পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে। ২৬ নভেম্বর পর্যন্ত সরকারি হিসাব উল্লেখ করে বলা হয়েছে, নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৭১ জন এবং ডেঙ্গুতে ৫২৬ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুর টিকা উদ্ভাবিত হলেও বাংলাদেশে তা আমদানি, উৎপাদন কিংবা রাষ্ট্রীয়ভাবে প্রয়োগের কার্যকর উদ্যোগ না থাকার বিষয়েও উদ্বেগ জানিয়েছে দলটি।
হাম প্রতিরোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে টিকাদান নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বয়ের দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিয়মিত গবেষণা এবং আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জামায়াত।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দলটির অভিযোগ, সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে জ্বালানি, ভোজ্যতেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এতে দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত নজরদারি জোরদারের প্রস্তাব দেওয়া হয়েছে। বাজারে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ী চক্রের প্রভাব দূর করতেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি ও সামাজিক সুরক্ষা সহায়তা বাড়ানো, শিল্প উৎপাদন সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আসন্ন রমজানে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে।
পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও অনুরোধ জানিয়েছে জামায়াত।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলটি হত্যাকাণ্ড, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
জামায়াতের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট শক্তি অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে গ্রেপ্তার, বিচার ও আইনানুগ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে কেন্দ্রীয় মজলিসে শূরা।
একই সঙ্গে পূর্ববর্তী শাসনামলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে চলমান বিচার দ্রুত, স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মতভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিতের দাবিও জানিয়েছে দলটি।
জামায়াত বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। বাহিনীর পেশাদারত্ব, দক্ষতা, জবাবদিহি এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য সহায়তা বাড়ানোর পাশাপাশি নিম্ন ও উচ্চ আদালতের বিচারপ্রক্রিয়া দ্রুত ও নিরপেক্ষ করার উদ্যোগ নিতে হবে।
নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ, অপরাধীদের বিচার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বানও জানানো হয়েছে।
এ ছাড়া ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়া এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পাঠানোর চেষ্টার অভিযোগ তুলে এসব ঘটনা বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি সামনে রেখে ভারতের সঙ্গে নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করার দাবিও জানিয়েছে দলটি। আন্তর্জাতিক নদীর পানি বণ্টনে বাংলাদেশের অধিকার রক্ষায় সরকারকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে বলা হয়েছে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করার বিষয়েও সুনির্দিষ্ট প্রস্তাব গ্রহণ করেছে জামায়াত। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী স্বাধীন এবং পেশাদার কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও পদায়নে দলীয় আনুগত্যের পরিবর্তে মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দেওয়ার দাবি করেছে কেন্দ্রীয় মজলিসে শূরা।
পাশাপাশি সরকারি নিয়োগে স্বচ্ছতা ও জনআস্থা নিশ্চিত করতে একটি শক্তিশালী, স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত। দলটির বক্তব্যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক অভিযান, ইরান ও ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি এবং বিভিন্ন দেশে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, নির্যাতন ও বাস্তুচ্যুতির বিষয়গুলো উঠে এসেছে।
মিয়ানমারের সামরিক শাসনের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ২০ লাখ রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসন অনিশ্চিত থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।
এ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার, নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষে কার্যকর অবস্থান এবং ওআইসি ও আরব লীগের মতো আন্তর্জাতিক সংস্থার কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে অধিকার নিশ্চিত করা, ইরান ও ইয়েমেনে যুদ্ধ বন্ধ এবং আন্তর্জাতিক আগ্রাসন প্রতিরোধে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চেয়েছে দলটি।
কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে ছয়টি প্রস্তাবই সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। জামায়াত মনে করে, প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক নিরাপত্তা, সুশাসন ও আইনের শাসন শক্তিশালী হবে।
এসব লক্ষ্য অর্জনে সরকার, রাজনৈতিক নেতৃত্ব এবং সচেতন নাগরিকদের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।














মন্তব্যসমূহ