‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। রাজধানীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে।
এবারের আয়োজনের অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেখানে প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি, উৎপাদনব্যবস্থা, গবেষণা ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরা হবে।
এ ছাড়া দেশব্যাপী সচেতনতামূলক প্রচার, র্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রান্নার রেসিপি প্রতিযোগিতা ও প্রাণিসম্পদ প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ক্রমেই বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ছিল ১ দশমিক ৮১ শতাংশ। একই সময়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ছিল ১৬ দশমিক ৫৬ শতাংশ।
তিনি জানান, গত অর্থবছরে প্রাণিসম্পদ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা। এ সময়ে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে।
মন্ত্রী বলেন, দুধ, মাংস ও ডিমের উৎপাদন দেশের মানুষের প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনেও অবদান রাখছে এ খাত।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও মানসম্মত প্রাণিজ পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ