নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি বলেন, এর আগে সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
সফরকালে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর তিনটি বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।
মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বিত অভিযান পরিচালনার সক্ষমতা প্রদর্শন ছিল এই অনুশীলনের অন্যতম উদ্দেশ্য।
মহড়া পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম এবং বিভিন্ন সামরিক অনুশীলন পর্যবেক্ষণ করেন।
মহড়া শেষে সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও পেশাদারত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আজকের মহড়া বিশ্বের দরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, অত্যন্ত পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত।’
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সাল থেকে দ্বীপটিতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগের বেশি সময় ধরে সেখানে সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ ও সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন হয়েছে। তবে তিন বাহিনীর এই বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এমন মহড়া এবারই প্রথম আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী সফর ও সামরিক মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।














মন্তব্যসমূহ