শিশুশ্রম বন্ধ করতে শুধু আইন প্রয়োগ কিংবা বিচ্ছিন্ন প্রকল্প বাস্তবায়ন যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেছেন, কার্যকর নীতিমালা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সমন্বিত আন্দোলন গড়ে তুলতে পারলেই শিশুশ্রম নিরসন সম্ভব।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার অনানুষ্ঠানিক তৈরি পোশাক খাতে শিশুশ্রম কমাতে একটি সমন্বিত প্রকল্পের সূচনা উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
The Financial Express
মাহ্দী আমিন বলেন, শিশুশ্রমের সঙ্গে দারিদ্র্য, শিক্ষা থেকে ঝরে পড়া এবং পরিবারের আর্থিক অনিশ্চয়তার সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে শুধু কারখানা থেকে শিশুদের সরিয়ে নিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না।
শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে ধরে রাখতে হবে। একই সঙ্গে তাদের অভিভাবকদের কর্মসংস্থান ও আর্থিক সক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের প্রতি জবাবদিহি ও দায়বদ্ধতা থেকেই শ্রমিকদের অধিকার এবং শিশুশ্রম নিরসনের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তাঁর বক্তব্য অনুযায়ী, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটের প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। এসব সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে।
শিশুশ্রম নিরসনে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনার অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে বাস্তবসম্মত ও টেকসই উপায়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
শিক্ষা ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, শিশুশ্রমের অন্যতম কারণ হলো পরিবারের আর্থিক অসচ্ছলতা। অনেক অভিভাবক অভাবের কারণে সন্তানদের বিদ্যালয়ে না পাঠিয়ে কাজে পাঠাতে বাধ্য হন।
এই পরিস্থিতি পরিবর্তনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে আরও আকর্ষণীয় এবং সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রাক্-প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের দুপুরের খাবার, স্কুলের পোশাক, পাটের তৈরি ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
পাশাপাশি শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানোর কথাও জানান তিনি।
মাহ্দী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মেয়েদের স্নাতক পর্যায় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ নিশ্চিত করার কাজ শুরু হয়েছে।
এর আগে বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ চালু হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এবার সেই সুবিধা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালা আগামী অর্থবছর থেকে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
শিক্ষার সঙ্গে কর্মজীবনের সংযোগ তৈরির বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি জানান, ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এর মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বাড়বে এবং লেখাপড়া শেষে কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে যেভাবে সামাজিক সচেতনতা গড়ে তোলা হয়েছে, শিশুশ্রম বন্ধেও একই ধরনের বৃহত্তর উদ্যোগ প্রয়োজন।
তিনি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যালয়ে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অভিভাবকদের কর্মসংস্থান না থাকলে শিশুশ্রম বন্ধ করা কঠিন।
এ জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দরিদ্র ও প্রান্তিক পরিবারের মায়েদের হাতে নিয়মিত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া গেলে সন্তানদের শিক্ষার ব্যয় মেটানো সহজ হবে।
এতে অভাবের কারণে শিশুদের কর্মক্ষেত্রে পাঠানোর প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাহ্দী আমিন আরও বলেন, শিশুশ্রম নিরসনের ক্ষেত্রে শুধু আনুষ্ঠানিক অর্থনীতির দিকে নজর দিলে চলবে না। অনানুষ্ঠানিক খাতেও বিপুলসংখ্যক শিশু কাজ করছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা প্রয়োজন।
এ ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান, মহিলা ও শিশুবিষয়ক, শিক্ষা, আইন, স্বরাষ্ট্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।
একই সঙ্গে বেসরকারি খাত, নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে শিশুশ্রম নিরসনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম বড় শক্তি। তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করতে হলে শিশুদের কারখানার পরিবর্তে শ্রেণিকক্ষে ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান।
এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ