রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন হতে যাচ্ছে মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর বর্ধিতাংশ। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৭ সালের এপ্রিল থেকে এ অংশে যাত্রী পরিবহন শুরু করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মো. আবদুল ওহাব জানান, বাণিজ্যিকভাবে চালুর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে বর্ধিত লাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে খালি ট্রেন চালিয়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা করা হবে।
প্রকল্প কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণকাজের প্রায় ৭৭ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্যকাজ, প্রবেশ ও বের হওয়ার পথ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ দ্রুতগতিতে চলছে।
কমলাপুর স্টেশনের পাইল, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং ব্যবস্থা ও বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের প্রস্তুতি চলছে।
প্রকল্প কর্তৃপক্ষ আশা করছে, আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজও শেষ করা যাবে। পাশাপাশি স্টেশনের ভেতরে ও বাইরে টাইলস বসানো, কাচ স্থাপন, রং করা এবং প্রবেশপথের অবকাঠামো নির্মাণের কাজ চলছে।
এ ছাড়া উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও এগিয়ে চলছে।
বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। ২০২৩ সালের নভেম্বরে এই অংশে বাণিজ্যিক সেবা চালু হয়। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ শেষ হলে এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। এতে রাজধানীর গণপরিবহন ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্যসমূহ