চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে পেট্রলবোমা ব্যবহারের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন দেওয়া হয়। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিভে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা যায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তা ভিডিওতে দৃশ্যমান বাড়িটি ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ি বলে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গাড়ি রাখার গ্যারেজটিও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে কোনো গাড়ি রাখা ছিল না।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। আগুনের সূত্রপাত ও ঘটনার পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে।
তবে এ ঘটনায় পেট্রলবোমা ব্যবহার করা হয়েছে কি না, কারা আগুন দিয়েছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।














মন্তব্যসমূহ