ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনাকে সাধারণ যাত্রী হিসেবে দেশে ফিরতে দেওয়া হবে না। তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা নজরদারির মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না।’
তাঁর বক্তব্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত কোনো দণ্ডিত ব্যক্তিকে দেশে ফেরানোর ক্ষেত্রে প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়াই অনুসরণ করতে চায় সরকার।
শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে কটাক্ষ করে হুমায়ুন কবির বলেন, ‘আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।’
শেখ হাসিনাকে সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘তিনি সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব। ব্যস, এটুকুই।’
এর আগে মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী।
এ জন্য দিল্লি থেকে ঢাকায় তাঁর বিমানযাত্রার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধও জানানো হয়েছে।
তবে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
এর আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তাঁকে সাধারণ ভ্রমণ নথি দিয়ে ফেরানোর পরিবর্তে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের ওপর গুরুত্ব দেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
২০২৫ সালের নভেম্বরে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে তাঁর পক্ষ থেকে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে, অন্যদিকে বাংলাদেশ সরকার তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার অবস্থানে অনড় রয়েছে।
এ অবস্থায় ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তা এখনো অনিশ্চিত।
সূত্র : রয়টার্স














মন্তব্যসমূহ