শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ সদস্যকে পদক প্রদান করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেওয়া হয়।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতাযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে ২০২৬-২০২৭ অর্থবছরে শান্তিকালীন বিভিন্ন ক্ষেত্রে বীরত্বপূর্ণ ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত সেনাসদস্যদের পদক পরিয়ে দেন তিনি।
পদকপ্রাপ্ত ২৪ জনের মধ্যে সাতজনকে সেনাবাহিনী পদক (এসবিপি), চারজনকে অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি) দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের বীরত্ব ও অবদানের কথা তুলে ধরা হয়।
একই সঙ্গে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
এবারের আয়োজনেও মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেনাসদস্যদের সম্মান জানানোর পাশাপাশি শান্তিকালীন দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা সদস্যদের স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ