নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিনটি বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই বিশেষ মহড়ায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন তিনি।
সকালে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ নামের বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।
এবারের মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। স্বর্ণদ্বীপে এই তিন বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে এমন মহড়া প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
মহড়াস্থলে প্রধানমন্ত্রী তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখবেন। একই সঙ্গে দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তাঁর।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয় বাসিন্দাদের কাছে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে সামরিক প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী।
গত এক যুগের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর অংশগ্রহণেও একাধিক যৌথ সামরিক অনুশীলন পরিচালিত হয়েছে।
তবে এবারের আয়োজনের বিশেষত্ব হলো, প্রথমবারের মতো সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একই বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছে।
এই আয়োজনের চূড়ান্ত অনুশীলন সরাসরি প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।














মন্তব্যসমূহ