চুয়াডাঙ্গায় এক সাংবাদিকের প্রাইভেটকারে হামলা ও ভাঙচুরের অভিযোগের ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে পুলিশ। প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশের ধারণা, দুর্বৃত্তদের হামলায় নয়, বৃষ্টির মধ্যে গাছের শুকনো ডাল ভেঙে চলন্ত গাড়ির ওপর পড়ায় কাচ ভেঙে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়ায় ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির অদূরে ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি দীপ্ত টিভি, জাগো নিউজ ও বাংলাদেশ বেতারের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিকের। ঘটনার সময় গাড়িতে তাঁর বড় ভাই চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিকসহ পরিবারের সদস্যরা ছিলেন। তবে কেউ আহত হননি।
ঘটনার পর হুসাইন মালিক অভিযোগ করেন, আলমডাঙ্গার রামদিয়ায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছেন। তাঁর ধারণা ছিল, হামলার লক্ষ্যবস্তু ছিলেন তিনি নিজেই।
এ ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে সরাসরি চুয়াডাঙ্গা সদর থানায় যান তিনি। সেখানে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সাংবাদিকের গাড়িতে হামলার অভিযোগ ওঠার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দেয়। পরদিন শনিবার চুয়াডাঙ্গা প্রেস ক্লাব জরুরি সভা করে ঘটনার নিন্দা জানায়।
পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।
তবে ঘটনার তদন্ত করতে গিয়ে ভিন্ন কিছু তথ্য পেয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে পুলিশ সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান। কিন্তু রাতের অন্ধকারে সেখানে উল্লেখযোগ্য কোনো আলামত পাওয়া যায়নি।
পরদিন সকালে সাংবাদিক হুসাইন মালিককে সঙ্গে নিয়ে আবার ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
এ সময় সড়কের পাশে একটি রেইনট্রি গাছের ভাঙা শুকনো ডাল দেখতে পান পুলিশ সদস্যরা। একই স্থানে গাড়ির ভাঙা কাচের টুকরোও পাওয়া যায়।
হিমেল রানার প্রাথমিক ধারণা, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে গাছের শুকনো ডাল ভেঙে চলন্ত গাড়ির ওপর পড়ায় কাচ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।
তবে পুলিশের এই পর্যবেক্ষণের বিষয়ে জানতে চাইলে সাংবাদিক হুসাইন মালিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে ঘটনাটি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের নেতারা।
প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তদন্তে হামলার প্রমাণ পাওয়া গেলে মামলা করা হবে। অন্যদিকে গাছের ডাল ভেঙে পড়ার বিষয়টি নিশ্চিত হলে থানায় করা জিডি তদন্ত শেষে নিষ্পত্তি করা হবে।
তিনি আরও জানান, প্রেস ক্লাবের নেতারা পুলিশের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জানিয়েছেন, ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল ও আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ফলে আগে ফুটেজ পর্যালোচনার কথা বলা হলেও কোনো ফুটেজ পাওয়া যায়নি।
এখনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হলে গাড়ির কাচ ভাঙার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছে পুলিশ।














মন্তব্যসমূহ