হলিউডের পাঁচ জনপ্রিয় অভিনেতার সঙ্গে পর্দায় চুমুর অভিজ্ঞতা নিয়ে নিজের পছন্দের তালিকা প্রকাশ করেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। তালিকার শীর্ষে রেখেছেন ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের সহশিল্পী জশ হাচারসনকে। আর সবার শেষে জায়গা পেয়েছেন ক্রিস প্র্যাট।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় প্রচারিত টেলিভিশন অনুষ্ঠান ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’-এ অংশ নিয়ে এসব কথা বলেন জেনিফার। অনুষ্ঠানে তাঁর সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জশ হাচারসন।
অনুষ্ঠানের একটি পর্বে উপস্থাপক অ্যান্ডি কোহেন জেনিফারকে তাঁর পাঁচ সহশিল্পীর সঙ্গে অভিনয়ের সময়কার চুমুর অভিজ্ঞতা ভালো থেকে খারাপের ক্রম অনুযায়ী সাজাতে বলেন।
অভিনেতাদের তালিকায় ছিলেন জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাট।
জেনিফার প্রথমেই বেছে নেন জশ হাচারসনকে। দ্বিতীয় স্থানে রাখেন লিয়াম হেমসওর্থকে। এরপর তৃতীয় স্থানে ব্র্যাডলি কুপার ও চতুর্থ স্থানে টিমোথি শ্যালামের নাম উল্লেখ করেন তিনি।
তালিকার পঞ্চম ও শেষ স্থানে রাখেন ক্রিস প্র্যাটকে।
জশ হাচারসনের সঙ্গে ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজে অভিনয় করেছিলেন জেনিফার। অন্যদিকে ক্রিস প্র্যাটের সঙ্গে তাঁকে দেখা গেছে ২০১৬ সালে মুক্তি পাওয়া বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর রোমান্টিক চলচ্চিত্র ‘প্যাসেঞ্জার্স’-এ।
তবে অনুষ্ঠানটিতে শুধু সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতাই নয়, নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন জেনিফার লরেন্স।
‘রিয়েল হাউসওয়াইভস অব নিউইয়র্ক’ রিয়েলিটি শোর একটি প্রসঙ্গ নিয়ে আলোচনার সময় অভিনেত্রী জানান, তাঁর নিজেরও স্তন ইমপ্লান্ট রয়েছে। সম্প্রতি ইমপ্লান্ট প্রতিস্থাপন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনার আরেক পর্যায়ে উঠে আসে জেনিফারের অভিনয়জীবনের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘দ্য হাঙ্গার গেমস’-এর প্রসঙ্গ।
সিরিজটিতে ক্যাটনিস এভারডিন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। চরিত্রটির অন্যতম বৈশিষ্ট্য ছিল ধনুক-তির ব্যবহার।
উপস্থাপক অ্যান্ডি কোহেন জানতে চান, চলচ্চিত্রটির শুটিং থেকে কোনো স্মারক নিজের কাছে রেখেছিলেন কি না জেনিফার।
জবাবে অভিনেত্রী জানান, শুটিং সেট থেকে ক্যাটনিস চরিত্রে ব্যবহৃত একটি ধনুক ও তির নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু সেগুলো এখন আর খুঁজে পাচ্ছেন না।
ধনুক-তির কোথায় রয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন জেনিফার। রসিকতা করে বলেন, হয়তো কেউ সেগুলো চুরি করেছে। তবে সত্যিই চুরি হয়েছে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেননি তিনি।
২০১২ সালে ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের প্রথম চলচ্চিত্র মুক্তির পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান জেনিফার লরেন্স। ক্যাটনিস এভারডিন চরিত্রে তাঁর অভিনয় এবং ধনুক-তির হাতে লড়াইয়ের দৃশ্যগুলো দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে।
দীর্ঘদিন পর সেই সিরিজের সহশিল্পী জশ হাচারসনের সঙ্গে টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরোনো স্মৃতি ও ব্যক্তিগত অভিজ্ঞতার নানা দিক তুলে ধরলেন জেনিফার।














মন্তব্যসমূহ