স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কতটা কার্যকর, তা জানতে বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক গবেষণা শুরু করেছে যুক্তরাজ্য। তিন বছর মেয়াদি এই গবেষণায় অংশ নিতে প্রায় সাত লাখ নারীকে আমন্ত্রণ জানাচ্ছে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস।
সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে এনএইচএস জানিয়েছে, ক্যানসার শনাক্তের নির্ভুলতা ও কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কাজের চাপ কমাতে এআই প্রযুক্তি কতটা সহায়ক হতে পারে, তা যাচাই করা হবে।
গবেষণাটির নাম ‘এডিথ’ (EDITH)। যুক্তরাজ্যজুড়ে প্রায় ৩০টি স্তন ক্যানসার স্ক্রিনিং কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। প্রথম পর্যায়ে কেমব্রিজশায়ারে অংশগ্রহণকারী নারীদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
গবেষণায় নিয়মিত ম্যামোগ্রাম পরীক্ষার মাধ্যমে সংগ্রহ করা স্তনের ছবি বিশ্লেষণে চিকিৎসকদের সহায়তা করবে এআই প্রযুক্তি। ছবিতে ক্যানসারের সম্ভাব্য লক্ষণ শনাক্ত করতে প্রযুক্তিটি কতটা নির্ভরযোগ্য, তা পরীক্ষা করবেন গবেষকেরা।
একই সঙ্গে এআইয়ের সহায়তায় চিকিৎসকদের ছবি বিশ্লেষণের সময় কমানো এবং আরও বেশি রোগীকে দ্রুত সেবা দেওয়ার সুযোগ তৈরি হয় কি না, সেটিও পর্যবেক্ষণ করা হবে।
যুক্তরাজ্য সরকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের মাধ্যমে গবেষণায় এক কোটি পাউন্ড অর্থায়ন করছে। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় এক কোটি ৩১ লাখ ডলার।
গবেষণা পরিচালনার দায়িত্বে রয়েছে ইউনিভার্সিটি অব ওয়ারউইক, ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট। তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এনএইচএস ইংল্যান্ড।
বর্তমানে স্তন ক্যানসার শনাক্তে ম্যামোগ্রামের ছবি বিশেষজ্ঞ চিকিৎসকেরা পর্যবেক্ষণ করেন। নতুন গবেষণায় সেই প্রক্রিয়ায় এআই যুক্ত করে দেখা হবে, প্রযুক্তিটি চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে কতটা সহায়তা করতে পারে।
তবে এআই প্রযুক্তি এখনই চিকিৎসকদের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে না। গবেষণার আওতায় প্রতিটি ম্যামোগ্রাম অন্তত একজন বিশেষজ্ঞ চিকিৎসক পর্যবেক্ষণ করবেন। পরীক্ষায় নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হলেই নিয়মিত স্ক্রিনিং কার্যক্রমে এআই ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এনএইচএস ইংল্যান্ডের ক্যানসারবিষয়ক জাতীয় ক্লিনিক্যাল পরিচালক পিটার জনসন বলেছেন, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার শনাক্ত করা এবং দেরিতে রোগটি ধরা পড়ার মধ্যে বড় পার্থক্য রয়েছে।
তাঁর মতে, ক্যানসার নির্ণয়ের বর্তমান পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে এআই প্রযুক্তির। এর মাধ্যমে দ্রুত আরও বেশি ক্যানসার শনাক্ত করা সম্ভব হতে পারে।
পাশাপাশি নিয়মিত স্ক্রিনিংয়ের কাজে চিকিৎসকদের সময় কম লাগলে তাঁরা রোগীদের চিকিৎসা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবায় বেশি সময় দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
গবেষকেরা এখন যাচাই করবেন, বাস্তব চিকিৎসাব্যবস্থায় এআই ব্যবহার করলে রোগ শনাক্তের মান বজায় রেখে চিকিৎসকদের ওপর চাপ কমানো সম্ভব কি না।
তিন বছরব্যাপী এই গবেষণার ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে যুক্তরাজ্যের স্তন ক্যানসার স্ক্রিনিং কার্যক্রমে এআই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সূত্র : আনাদোলু এজেন্সি














মন্তব্যসমূহ