কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিং দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন তানিয়া সুলতানা (২০) মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হলো।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া মারা যান বলে নিশ্চিত করেছেন তাঁদের পারিবারিক স্বজন মুহাম্মদ ফারুক। তানিয়া রামুর দক্ষিণ মিঠাছড়ির কাইম্যার ঘোনা এলাকার সাজ্জাদ পারভেজ রুবেলের স্ত্রী। গত শুক্রবার বিকেল ৩টার দিকে রেলক্রসিং দুর্ঘটনায় তানিয়ার স্বামী রুবেল, ছয় মাস বয়সী মেয়ে ইলহাম, ননদ কাশিফা ও ভাগিনা সাহিল মারা যান।
মুহাম্মদ ফারুক জানান, দুর্ঘটনার পর অচেতন অবস্থায় প্রথমে তানিয়াকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাঁকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু জ্ঞান না ফেরায় আজ সকালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কাশিফার আরেকটি সন্তান এখনো চমেকে চিকিৎসাধীন রয়েছে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জোহরের নামাজের পর রুবেল সপরিবারে ছোট বোন রিয়া মনির শ্বশুরবাড়ি উমখালীতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। চিকিৎসকরা জানান, তানিয়ার মাথার এক পাশে গভীর ক্ষত ছিল এবং সিটি স্ক্যানে মস্তিষ্কের সামনের অংশে আঘাত ও রক্তক্ষরণ ধরা পড়ে; চমেকে নিউরো সার্জারি বিশেষজ্ঞরা তাঁকে চিকিৎসা দিচ্ছিলেন।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেন, ট্রেনের হর্ন বাজার পরও চালকের অধৈর্যের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে রামুর মাছুয়াখালী ও রশিদনগরসহ বিভিন্ন ক্রসিংয়ে আগেও একাধিক দুর্ঘটনায় প্রাণহানি এবং অনেক ক্রসিংয়ে গেটম্যান ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান জানান, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।














মন্তব্যসমূহ