আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার ঐতিহ্যবাহী কুস্তিসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা উপভোগ করবেন। একই সঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েও সফরের বিভিন্ন আয়োজন নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত কান্ট্রি গেমসে অংশ নেবেন। সেখানে জেলার ঐতিহ্যবাহী কুস্তি ও অন্যান্য খেলাধুলা উপভোগের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ছাড়াও জেলার আরও তিন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
তাঁরা হলেন কলিম উদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং মোহাম্মদ কয়ছর আহমদ।
প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর সফর এবং কান্ট্রি গেমস আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানিয়েছেন, ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী জেলা স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা উপভোগ করবেন। পাশাপাশি সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
সফরের অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে আয়োজন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সুনামগঞ্জবাসী প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন তারেক রহমান। সর্বশেষ ২০০৪ সালে তিনি জেলাটিতে এসেছিলেন। সে সময় সুনামগঞ্জ শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দেন তিনি।
এবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সফরকে কেন্দ্র করে জেলার ক্রীড়া আয়োজন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ঘিরে প্রস্তুতি চলছে।
তবে সফরের বিস্তারিত সময়সূচি, ফ্যামিলি কার্ড বিতরণের আওতায় কতজন আসবেন এবং অনুষ্ঠানগুলোর নির্দিষ্ট সময় সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।














মন্তব্যসমূহ