ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচারের জন্য কেনা অল মিডিয়া রাইটসের বিপরীতে বাংলাদেশ টেলিভিশনকে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে সরকার। তবে এ সুবিধা নিতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটিকে চারটি শর্ত মানতে হবে।
গত বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশ অনুযায়ী, ২৩ জুন থেকে এ ভ্যাট অব্যাহতি কার্যকর হবে।
চলমান ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের জন্য বিটিভি সরাসরি ফিফার কাছ থেকে অল মিডিয়া রাইটস কিনেছে। এ বাবদ ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি টাকা। এই অর্থের ওপর প্রযোজ্য ভ্যাট অব্যাহতির অনুমোদন দেওয়া হয়েছে।
তবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানিয়েছে, ভ্যাট অব্যাহতির সুবিধা কেবল বিটিভির ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অল মিডিয়া রাইটস কেনার বিপরীতে পরিশোধযোগ্য ব্যয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এ ছাড়া সম্প্রচারস্বত্ব কেনার জন্য পরিশোধ করা অর্থের বিস্তারিত হিসাব অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে জানাতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, সাবলাইসেন্সি প্রতিষ্ঠানগুলো এ ভ্যাট অব্যাহতির আওতায় থাকবে না। একই সঙ্গে বিশ্বকাপের অল মিডিয়া রাইটস ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে অন্য কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।
এর আগে ৭ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিটিভির জন্য ফিফার কাছ থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৭৩ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনতে বিটিভির ব্যয় আগের আসরের তুলনায় প্রায় ২৫ কোটি টাকা কম হয়েছে।














মন্তব্যসমূহ