উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
৩০ হাজার টাকা ন্যূনতম মূল বেতন, বকেয়া বেতন পরিশোধ এবং মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তরা আজমপুর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার, ১৫ অক্টোবর সকালেও শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকাতেও। তৈরি হয় তীব্র যানজট।আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন, বকেয়া বেতন পরিশোধ এবং মজুরি বৃদ্ধি।শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সেই তুলনায় তাদের আয় বাড়েনি। বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বকেয়া পাওনা পরিশোধ এবং দাবিগুলো নিয়ে সংশ্লিষ্টদের কাছে একাধিকবার দাবি জানানো হলেও কার্যকর সমাধান না পাওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।এই আন্দোলনের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা। অনেক যানবাহন আটকে থাকায় গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিমানবন্দরমুখী সড়কেও এর প্রভাব পড়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে রয়েছে শিল্প পুলিশ ও থানা পুলিশ। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।এদিকে শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির মধ্যেই পোশাক খাতের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার খবরও এসেছে। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধির নাম চেয়ে চিঠি দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।