আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপসহ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
ইসির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত রয়েছে। সে অনুযায়ী, ২৯ বা ৩০ নভেম্বর থেকে সংলাপ শুরু হতে পারে। তবে এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।
সংলাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন, নির্বাচনী আচরণবিধি অনুসরণ এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছিল, সেসব দলকে আবারও সংলাপে আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি পরবর্তী সময়ে নিবন্ধন পাওয়া দলগুলোর সঙ্গেও আলোচনা করবে কমিশন।
তিনি জানান, ইউপি নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর প্রায় ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ডিসেম্বরের প্রথমার্ধে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিংবা অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত সময়েই ভোট আয়োজন করতে চায় ইসি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভালো নির্বাচন আয়োজনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন। এই চার পক্ষের ভূমিকা সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আচরণবিধি মেনে চলার ওপরও গুরুত্ব দিয়েছেন এই নির্বাচন কমিশনার। তাঁর মতে, নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে আগ্রহ বাড়বে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হবে।
নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি নিয়েও কাজ করছে কমিশন। ভোটের আগে কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় পৃথক সভা করার পরিকল্পনা রয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং আইনশৃঙ্খলাসংক্রান্ত বৈঠক আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় কমিশন। সংলাপে সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে।
এদিকে সারা দেশে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী, ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের কথা রয়েছে।
পরিকল্পনায় প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়নে ভোটগ্রহণের কথা উল্লেখ রয়েছে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি এবং তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ইউপি নির্বাচন শুরুর আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তিন দিনের আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা যায়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে।
নির্বাচন কমিশনের প্রত্যাশা, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।














মন্তব্যসমূহ