দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে স্থাপনা ধ্বংসের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। দেশটির স্বাধীনতা দিবস ঘিরে যখন ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা, তখনই নতুন করে এসব বিস্ফোরণের খবর সামনে এসেছে।
সোমবার (২৩ নভেম্বর) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণাঞ্চলের কান্তারা এলাকার উপকণ্ঠে বিস্ফোরক ব্যবহার করে কয়েকটি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।
এর আগে রোববার (২২ নভেম্বর) দক্ষিণ লেবাননের জাওতার আল-শারকিয়াহ এলাকায় একটি বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পর কাফার তিবনিতেও আরেকটি বিস্ফোরণ ঘটে। এসব বিস্ফোরণের শব্দ দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এদিকে ইসরায়েলি সামরিক উপস্থিতি ও দখলদারিত্বের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। গত মার্চ থেকে লিতানি নদী পর্যন্ত বিস্তৃত এলাকায় ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে লেবানন সরকারের ‘নীরবতার’ প্রতিবাদে নাবাতিয়েহ আল-ফাওকা ও জাওতার এলাকার বাসিন্দারা পৃথক দুটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দক্ষিণাঞ্চলের পরিস্থিতি মোকাবিলায় সরকারের অবস্থান যথেষ্ট দৃশ্যমান নয়। ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং নিজেদের ভূখণ্ডের ওপর লেবাননের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিতে তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন।
অন্যদিকে দক্ষিণ লেবাননের দখলকৃত সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। এ কারণে ২২ নভেম্বর লেবাননের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা গ্রহণ না করার ঘোষণা দেন তিনি।
এক বিবৃতিতে এবারের স্বাধীনতাকে ‘অসম্পূর্ণ ও অপূর্ণ’ বলে উল্লেখ করেন বেরি। তাঁর বক্তব্য, লেবাননের দখলকৃত ভূখণ্ড মুক্ত না হওয়া এবং রাষ্ট্রীয় ও জনগণের অবস্থানে পুনরায় ঐক্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশটির স্বাধীনতা পূর্ণতা পাবে না।
দক্ষিণ লেবাননে অব্যাহত বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের ঘটনার মধ্যে তাঁর এই অবস্থান দেশটির ভূখণ্ডগত সার্বভৌমত্ব এবং ইসরায়েলি দখলদারিত্বের বিষয়টিকে আবারও সামনে এনেছে।
সূত্র : মিডল ইস্ট আই।














মন্তব্যসমূহ