হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে রাজধানীর ইডেন মহিলা কলেজে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করার দাবিতে শনিবার সকালে নীলাচল পরিবহনের প্রায় ১০টি বাস আটকে দেন তাঁরা।
কলেজের সামনে বাসগুলো আটকে দেওয়ার পর শিক্ষার্থীরা সেগুলো কলেজের ভেতরে নিয়ে যান। এ সময় অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি জানান তাঁরা।
কলেজের শিক্ষার্থী আলিফা রামিমের অভিযোগ, গত শুক্রবার ইডেনের এক শিক্ষার্থীর কাছ থেকে নীলাচল বাসের এক হেলপার অতিরিক্ত ভাড়া দাবি করেন। ওই ছাত্রী নিজের পরিচয়পত্র দেখানোর পরও তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়। এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ তাঁদের কাছে রয়েছে বলেও জানান তিনি। প্রতিবাদ জানাতেই বাসগুলো আটক করা হয়েছে বলে জানান আলিফা।
কলেজের আরেক শিক্ষার্থী বলেন, প্রতিদিনই মেয়েরা এ ধরনের ঘটনার শিকার হন, কিন্তু অনেকেই প্রতিবাদ করেন না। মেয়েদের দুর্বল মনে করেই বাসকর্মীরা এমন আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।
ওই শিক্ষার্থী আরও বলেন, বাস আটকের পর পুলিশ, কলেজের অধ্যক্ষ ও হল সুপারদের আসার কথা রয়েছে। তাঁরা উপস্থিত হলে শিক্ষার্থীরা নিজেদের দাবিগুলো তুলে ধরবেন। হয়রানি বন্ধের ওপরও জোর দেন তিনি।
এদিকে ঘটনার খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল। তিনি বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। শিক্ষার্থীদের অভিযোগ শুনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।














মন্তব্যসমূহ