দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তিনি সুস্থ থাকলে দেশ ভালো থাকবে, দেশের মানুষও ভালো থাকবে। তাই দেশকে ভালোবাসেন এমন প্রত্যেক নাগরিকের উচিত প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা। এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
আজ (২০ নভেম্বর) শুক্রবার জুমার নামাজ শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান এবং 'সবার আগে বাংলাদেশ’ ধারণার প্রবক্তা তারেক রহমানের ৬২ তম জন্মদিনে বিশ্ববিদ্যালয় ইউট্যাব আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে বলেই তিনি উপাচার্যের দায়িত্বে রয়েছেন—এ কথা স্বীকার করতে তাঁর কোনো দ্বিধা নেই। সবারই কোনো না কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণই হওয়া উচিত সবার আগে।
তিনি বলেন, গত ১৭ বছর দেশে মানুষের বাক্স্বাধীনতা ও স্বাভাবিক চলাচলের অধিকার ছিল না। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাধ্যমে স্ফুলিঙ্গের মতো একটি আন্দোলনের সূচনা হয়, যার মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়ে বসে দোয়া মাহফিল করাও কঠিন ছিল। অথচ ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক দোয়া মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে।
বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে ভালোবাসেন। তাই দেশের মানুষ হিসেবে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশকে ভালোবাসলে প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া করতে হবে।
সাম্প্রতিক ফ্যাসিবাদী অপশক্তির তৈরি করা বিভিন্ন পরিস্থিতি নিয়ে জবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী ধৈর্যের পরিচয় দিয়েছেন। তবে সেই ধৈর্যের বাঁধ ভাঙবেন না।
প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিগত কিছুদিন ধরে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিহত করা জরুরি। নড়াইলে যুবদলের দুই কর্মীকে হত্যা এবং কারাগারে হামলার পরিকল্পনার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপতৎপরতা প্রতিরোধ করে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এখনি কার্যকরী পদক্ষেপ জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরানুল হক, জবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নঈম সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির আহমাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব শামসুল আরেফিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।














মন্তব্যসমূহ