দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বক্তব্য দিতে তাকে কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে বুধবার (১৮ নভেম্বর) একটি নোটিশ জারি করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, এ অনুসন্ধানের বিষয়ে গত ৪ নভেম্বর কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন দুদকের উপপরিচালক সুমিত্রা সেন। তিনি দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুসন্ধানের আওতায় রয়েছে কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ গড়ে তোলা এবং সেই অর্থ দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য চলমান অনুসন্ধানের অংশ হিসেবেই মেঘনা আলমকে বক্তব্য দিতে ডেকেছে দুদক।
মেঘনা আলম মডেলিংয়ের পাশাপাশি উদ্যোক্তা ও রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের পর তিনি পরিচিতি পান। বর্তমানে তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় মেঘনা আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তার প্রতীক ছিল ‘ট্রাক’।














মন্তব্যসমূহ