গাজীপুর মহানগরের গাছা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ডেগেরচালা সড়কে গাড়িটিতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে সকালে গাছা এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যেই সকাল ১০টার দিকে ডেগেরচালা সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালে গাছা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন শুরু হয়। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের সরিয়ে দেয়।
শ্রমিক আন্দোলনের প্রভাবে গাজীপুরের ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ১০টি কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। গাজীপুরে মোট ২ হাজার ৭৩৪টি কারখানা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল পৌনে ১০টা পর্যন্ত গাজীপুরের অন্যান্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাছা এলাকায় উত্তেজনা অব্যাহত থাকে। দুপুর পৌনে ১২টার দিকেও শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।














মন্তব্যসমূহ