কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এবং মুন্সেফবাড়িতে বাহারের বাড়ির নিচতলায় আগুন দেওয়া হয়। এ ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের একদল নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে উপস্থিত হন। এ সময় তারা গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আগুন জ্বালান। ভিডিওতে ওই সময়ের দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্য একটি ভিডিওতে একদল যুবককে মিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে যেতে দেখা যায়। সেখানেও তারা গোপালগঞ্জে থানায় হামলা এবং এসএম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে স্লোগান দেন।
একপর্যায়ে বাহারের বাড়ির নিচতলায় অবস্থিত তাঁর ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে কার্যালয়ের সামনে থাকা কাগজ ও কাঠেও পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন বলে জানান তিনি।














মন্তব্যসমূহ