রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে কারখানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা তৈরি হলেও পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার আশপাশে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের তথ্য অনুযায়ী, কারখানা দুটিতে কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় ৫ হাজার ১০০ জন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে ওই কারখানাগুলোর শ্রমিকদের কাজ বন্ধ করে বাইরে বের করে আনা হয়।
সূত্র জানায়, এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে উত্তেজনা প্রশমনে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও কারখানাগুলোর আশপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কগুলোতে স্বাভাবিক যান চলাচল ও পরিস্থিতি বজায় ছিল। ওই দুই এলাকায় পোশাকশ্রমিকদের সড়কে নেমে বিক্ষোভ বা অবস্থান নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, বুধবার সকালে কাফরুল এলাকায় কিছুটা ঝামেলা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।














মন্তব্যসমূহ