ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শ্রমিক অসন্তোষের প্রভাবে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা এবং শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন।
বুধবার সকালেও একই দাবিতে আন্দোলন শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা একত্র হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে তাঁরা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এই পথে চলাচলকারী যাত্রী ও পরিবহনচালকেরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ, থানা-পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার না করায় সকাল সোয়া ৯টার দিকে তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর শ্রমিকেরা সরে গিয়ে আবার হারিকেন এলাকায় অবস্থান নেন।
এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকাতেও দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। তবে সেখানকার আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নেননি বলে জানা গেছে।
শ্রমিক আন্দোলনের কারণে কারখানাগুলো বন্ধ রাখার বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক অসন্তোষের কারণে বুধবার সকালে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।














মন্তব্যসমূহ