চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনের জেরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের প্রশাসনিক কার্যক্রম তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে চলমান পরীক্ষা ও জরুরি সেবাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম চালু রাখা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসনিক দপ্তরগুলো বন্ধ থাকলেও পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের কার্যক্রম, চলমান সব পরীক্ষা, জরুরি পরিষেবা এবং অধ্যক্ষ সম্মিলনসংক্রান্ত কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
এদিকে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কয়েকজন সেবাপ্রার্থীকে অপেক্ষা করতে দেখা যায়। তাদের কেউ সনদ সংগ্রহ করতে, আবার কেউ ব্যক্তিগত কাজে ক্যাম্পাসে এসেছিলেন। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিরাপত্তাকর্মীরা তাদের ভেতরে প্রবেশ করতে দেননি।
নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগত অনেকেই তিন দিনের বন্ধের সিদ্ধান্ত সম্পর্কে আগে থেকে জানতেন না। ফলে ক্যাম্পাসে এসে তাদের ফিরে যেতে হয়।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ ও চলমান পরীক্ষা ছাড়া অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তাকর্মীরা শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছেন।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেন চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেন।
একপর্যায়ে আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেন। এতে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ নিজের দপ্তরে অবরুদ্ধ হয়ে পড়েন।
সোমবার সকাল ১০টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত উপাচার্যকে দপ্তরে অবরুদ্ধ করে রাখা হয়। দীর্ঘ সময় ধরে চলা এ কর্মসূচির পর রাতে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের চলমান পরীক্ষা যাতে ব্যাহত না হয়, সে জন্য সংশ্লিষ্ট কার্যক্রম চালু রাখা হয়েছে।














মন্তব্যসমূহ