হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
এর আগে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার তার হৃদযন্ত্রের দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অপর ব্লকটির চিকিৎসা করা হয়েছে ডায়ালেশন পদ্ধতিতে।
জানা গেছে, গত শনিবার এনজিওগ্রাম পরীক্ষায় স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা শেষে দুটি ব্লকে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন।
গত রবিবার চিকিৎসার মাধ্যমে ওই দুটি ব্লকে রিং পরানো হয়। তৃতীয় ব্লকটি ডায়ালেশন পদ্ধতিতে চিকিৎসা করা হয়।
চিকিৎসা শেষে সম্ভাব্য জটিলতা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আরও কিছু সময় হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
পরবর্তীতে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে।














মন্তব্যসমূহ