পাঁচ দফা দাবি আদায়ে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। এতে বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার খালাস কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে দুই টার্মিনালের সব ধরনের কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে গ্র্যাচুইটি, করোনাকালীন ভাতা এবং বকেয়া পাওনা পরিশোধ। এসবসহ মোট পাঁচ দফা দাবি আদায়ে তাঁরা আন্দোলন করছেন।
কর্মবিরতির কারণে বন্দরের সাতটি বার্থে অবস্থানরত সাতটি পণ্যবাহী জাহাজ থেকে কনটেইনার খালাস বন্ধ রয়েছে।
এর মধ্যে সিসিটিতে দুটি এবং এনসিটিতে পাঁচটি জাহাজ বার্থিং অবস্থায় রয়েছে। শ্রমিকরা কাজ বন্ধ রাখায় এসব জাহাজ থেকে কনটেইনার নামানোর কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না।
সাইফ পাওয়ারটেকের শ্রমিক মো. ফারুক জানান, তাঁদের কর্মবিরতির কারণে মোট সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে সাতটি পণ্যবাহী জাহাজ অবস্থান করছে।
শ্রমিকরা জানিয়েছেন, তাঁদের পাঁচ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।
তবে শ্রমিকদের দাবি নিয়ে সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষের অবস্থান কিংবা কর্মবিরতি নিরসনে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।














মন্তব্যসমূহ