ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে সৌদি সমর্থিত সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা থেকে পিছু হটার পর সামরিক জোটের নেতৃত্বে পরিবর্তন এনেছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমানের এক রাজকীয় আদেশে যৌথ বাহিনীর কমান্ডারের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিদায়ী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে যৌথ বাহিনীর কমান্ডারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে নেতৃত্ব পরিবর্তনের সরাসরি সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন দুই পশ্চিমা কূটনীতিক। তবে সৌদি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় উপকূল ও বাব আল-মান্দেব প্রণালির আশপাশে হুতিদের সামরিক তৎপরতা বেড়েছে। এর ফলে সৌদি সমর্থিত সরকারি বাহিনী কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে।
গত অক্টোবর মাসে পাল্টা অভিযান চালিয়ে বাব আল-মান্দেব প্রণালির আশপাশে বেশ কয়েকটি এলাকা পুনর্দখল করেছিল সরকারি বাহিনী। এর মধ্যে ধুবাব ছিল অন্যতম।
তবে হুতিদের পুরোপুরি সরিয়ে দেওয়া সম্ভব হয়নি। উপকূলীয় আল-মোখা শহরও পুনর্দখল করতে পারেনি সরকারি বাহিনী।
এরপর রোববার (১৫ নভেম্বর) বাব আল-মান্দেবের কাছাকাছি কয়েকটি এলাকা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় সৌদি সমর্থিত বাহিনী।
তাদের পক্ষ থেকে জানানো হয়, আপাতত দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।
ইয়েমেনের সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হুতিরা দক্ষিণ উপকূলের খোর ওমাইর এলাকায় পৌঁছেছে। এলাকাটি এডেন শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে।
এ ছাড়া সরকারি বাহিনীর কাওয়াহ এলাকার প্রতিরক্ষা অবস্থান থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে হুতি যোদ্ধারা।
হুতিদের এই অগ্রযাত্রায় এডেনের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরটিতে নিরাপত্তা তল্লাশি বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে পরিচয়পত্র যাচাই করছে সরকারি বাহিনী।
এডেনের সরকারি কর্মকর্তা আমিন মাহমুদ জানিয়েছেন, শহরে এখনো খাদ্য ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে সরকারি বাহিনীর পিছু হটা এবং যুদ্ধ এডেনের কাছাকাছি চলে আসার আশঙ্কায় বাসিন্দারা উদ্বিগ্ন।
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, এডেন ও পার্শ্ববর্তী লাহিজ প্রদেশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী পুনর্বিন্যাস করা হচ্ছে। একই সঙ্গে হারানো অঞ্চল পুনর্দখলের প্রস্তুতিও চলছে।
রাজনৈতিক ও সংঘাত বিশ্লেষক মোহাম্মদ আল-কাদি মনে করেন, হুতিদের অগ্রযাত্রা এডেনের জন্য গুরুতর নিরাপত্তা হুমকি তৈরি করেছে।
তাঁর মতে, সরকারি বাহিনীর মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ ও অভ্যন্তরীণ বিভক্তির সুযোগ নিচ্ছে হুতিরা। একসময় সরকারি বাহিনীর লক্ষ্য ছিল রাজধানী সানা পুনর্দখল করা। কিন্তু এখন তাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকা এডেন রক্ষার দিকে মনোযোগ দিতে হচ্ছে।
২০২২ সালের পর থেকে ইয়েমেনের গৃহযুদ্ধ অনেকটা স্থবির অবস্থায় ছিল। তবে চলতি বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে শুরু হলে ইয়েমেনেও লড়াই তীব্র হয়ে ওঠে।
এরপর হুতিরা লোহিত সাগরের উপকূল এবং আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ বাব আল-মান্দেব প্রণালির আশপাশে দ্রুত অগ্রসর হয়।
এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল করে। ফলে এর আশপাশে সামরিক নিয়ন্ত্রণের পরিবর্তন শুধু ইয়েমেন নয়, আঞ্চলিক নৌনিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
এমন পরিস্থিতিতে সৌদি আরবের সামরিক নেতৃত্বে পরিবর্তন এবং এডেন রক্ষায় সরকারি বাহিনীর নতুন অবস্থান ইয়েমেন যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠেছে।
সূত্র : রয়টার্স।














মন্তব্যসমূহ