বাংলাদেশের সামরিক বিমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার এবং এ ক্ষেত্রে দুটি প্রধান শর্ত সামনে এনেছে নয়াদিল্লি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকারের প্রচ্ছন্ন সম্মতি ও দুই পক্ষের মধ্যে বোঝাপড়ার পরই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন শেখ হাসিনা।
বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের প্রধান শর্ত দুটি:
প্রথমত, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর এয়ারক্র্যাফটে চড়ে ভারতে গিয়েছিলেন; তাই তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। বাংলাদেশ দিল্লিতে সামরিক বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নিতে পারে, অথবা দুই দেশের সম্মত কোনো স্থলসীমান্ত এলাকায় বাংলাদেশ সেনাসদস্যরা তাঁকে গ্রহণ করতে পারেন। উভয় ব্যবস্থার জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ভারত।
দ্বিতীয়ত, দেশে ফেরার পর শেখ হাসিনাকে তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে এবং ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করতে হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হাসিনার প্রত্যাবর্তনের উদ্যোগে দুই দেশের সেনাবাহিনীর দীর্ঘদিনের যোগাযোগকে কাজে লাগাতে চায় নয়াদিল্লি। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের অঘোষিত সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিশেষভাবে উঠে এসেছে। ভারতের এক জ্যেষ্ঠ সামরিক সূত্রের ধারণা, হাসিনাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়েই ওই বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে।
এছাড়া দেশে ফেরার পর শেখ হাসিনার জীবন ও নিরাপত্তা যেন ঝুঁকির মুখে না পড়ে, সে বিষয়েও নিশ্চয়তা চায় নয়াদিল্লি।
সূত্র: বিবিসি বাংলা














মন্তব্যসমূহ