দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ, ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ‘রোকযানা’ খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকির হাসান জামী জানান, শেখ সাহেদ আলী গত ২৪ অক্টোবর থেকে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা এবং ডেঙ্গুতে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার (১১ নভেম্বর) রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
নব্বইয়ের দশক থেকে নিয়মিত সংগীতচর্চা করে আসা ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও সমধিক পরিচিত ছিলেন। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় এবং পরবর্তীতে তিনি আরও পাঁচটি অ্যালবাম উপহার দেন।
দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন শেখ সাহেদ আলী। গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড আকারে গানগুলো প্রকাশের পরিকল্পনা থাকলেও আকস্মিক অসুস্থতার কারণে সেই আয়োজন আর সম্পন্ন করে যেতে পারেননি তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।














মন্তব্যসমূহ