বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।
শনিবার ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে শিবা সানু পেয়েছেন ২৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৭৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির স্বাক্ষরিত ফলাফলে জানানো হয়, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। ভোট গণনায় ৪৬৩টি ব্যালট বৈধ এবং ১৭টি বাতিল ঘোষণা করা হয়।
সহসভাপতির দুই পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব পেয়েছেন ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা পেয়েছেন ২১৬ ভোট। এই পদে প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী নূতন পেয়েছেন ২০৪ ভোট এবং রোজিনা পেয়েছেন ১৫২ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন সুব্রত। তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী চুন্নু পেয়েছেন ১৮৩ ভোট।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে মোসফেকুল জামিল কাকন পেয়েছেন ১১৮ ভোট এবং ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট।
কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
কার্যকরী পরিষদের ১১টি পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান চিকন আলী, রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ। তাদের মধ্যে সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন কায়েস আরজু।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এফডিসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি ছিল। নির্বাচন ঘিরে গত এক মাস ধরে চলচ্চিত্রশিল্পীদের সরব উপস্থিতিতে এফডিসি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ ছিল।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আরমান-রুমানা ইসলাম মুক্তি প্যানেল এবং শিবা সানু-জয় চৌধুরী প্যানেলের মধ্যে।
মন্তব্যসমূহ