সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত উদ্যোগ বাস্তবায়িত হলে ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদেরও জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করা সম্ভব হবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।
শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
ইসি সূত্র জানায়, সম্প্রতি কমিশনের একটি নীতি-নির্ধারণী সভায় অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। সভায় প্রস্তাবটি উত্থাপন করেন ইসি সচিব আখতার আহমেদ। তাঁর প্রস্তাব অনুযায়ী, ৬ থেকে ১৬ বছর বয়সী নাগরিকদের তথ্য নিয়ে একটি ডেটাবেজ গড়ে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিবন্ধন কার্যক্রমের প্রাথমিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।
বিষয়টি আরও যাচাই-বাছাই করে বাস্তবসম্মত পরিকল্পনা তৈরির জন্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ একটি বিস্তারিত কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি কর্মশালার মাধ্যমে পাওয়া মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সুপারিশ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি অনুবিভাগ) মহাপরিচালককে।
বর্তমান নিয়মে ১৭ বছর বয়স পূর্ণ হলে একজন নাগরিক জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ পান। অন্যদিকে, ১৮ বছর পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তাঁর নাম ভোটার তালিকায় যুক্ত হয়। তবে ভোটাধিকার পাওয়ার বয়সের আগেই বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ এবং পরিচয়ের নির্ভরযোগ্য প্রমাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা থেকে কম বয়সীদের এনআইডি দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
এবার সেই দাবির পরিপ্রেক্ষিতে অপ্রাপ্তবয়স্কদের জাতীয় পরিচয় নিবন্ধনের বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। তবে প্রস্তাবটি বাস্তবায়নের সময়সীমা কিংবা নিবন্ধন কার্যক্রমের বিস্তারিত পদ্ধতি এখনো নির্ধারণ করা হয়নি।
এদিকে, নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।














মন্তব্যসমূহ