বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। একই সঙ্গে কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নবগঠিত এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরের সুস্পষ্ট নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। আদেশের দিন থেকেই এ কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন ও নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে ব্যর্থ হওয়ায় আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২০২৬ সালের সংশোধনীসহ ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগের কমিটি ভেঙে দেওয়া হয় এবং একই আইনের ১৪(৩) ধারা অনুযায়ী নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম, ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম, বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মো. শহীদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক শাহেদ ওয়াহেদ আলী।
কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান এবং চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব ও মো. পলাশ।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র মেনে নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করতে হবে এই কমিটিকে।
মন্তব্যসমূহ