নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি এবং অভিযোগ জানানোর সুযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছে বোর্ড।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এ ছাড়া একজন সাবেক ক্রিকেটারকেও এতে অন্তর্ভুক্ত করা হবে। তবে তাঁর নাম এখনো চূড়ান্ত হয়নি।
কমিটিতে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে রাখা হয়নি। এর ফলে অভিযোগ তদন্তের ক্ষেত্রে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব ও স্বার্থের সংঘাত এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
কমিটি গঠনের বিষয়ে নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরেই এমন একটা কমিটি করার দাবি ছিল। এখন আমরা তা করে দিয়েছি। যেকোনো ক্রিকেটারই চাইলে এখানে এসে তাদের কথাটা বলতে পারবেন।’
কমিটির প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম এর আগে বিসিবির নারী ক্রিকেট উইংয়ের দায়িত্ব পালন করেছেন। বোর্ডের সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও ছিলেন তিনি। এ ছাড়া তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
বাংলাদেশের নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ অবশ্য নতুন নয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এর আগে টিম ম্যানেজমেন্টের একজন সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটিও গঠন করেছিল বিসিবি।
নতুন এই স্বাধীন কমিটির মাধ্যমে নারী ক্রিকেটাররা যৌন হয়রানিসহ এ ধরনের অভিযোগ সরাসরি জানানোর সুযোগ পাবেন। অভিযোগ গ্রহণ ও তদন্তের দায়িত্ব পালনের মধ্য দিয়ে নারী ক্রিকেটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বোর্ড।
মন্তব্যসমূহ