বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির ব্রকো জেলার গোরিচে গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে চালকসহ মোট ১৫ জন আরোহী ছিলেন। তাঁরা সবাই ইতালির নাগরিক। নিহত চারজনের মধ্যে ইতালীয় সেনাবাহিনীর দুই সদস্য এবং ইতালীয় রেডক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর দুই সদস্য রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “এই গভীর শোকের মুহূর্তে, আমার প্রথম ভাবনা নিহতদের পরিবারের প্রতি। আমি ব্যক্তিগতভাবে এবং পুরো প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে নিহতদের স্বজনদের গভীর সমবেদনা জানাচ্ছি।”
ইতালীয় সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনে দুর্ঘটনাস্থল হিসেবে ব্রকো জেলার গোরিচে গ্রামের কথা উল্লেখ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে হেলিকপ্টারটিকে মাটিতে উল্টে পড়ে থাকতে দেখা যায়। সংঘর্ষে উড়োজাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে টুকরো টুকরো হয়ে যায়।
হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের (ইইউএফওআর) ‘অপারেশন আলথিয়া’ মিশনের অধীনে দায়িত্ব পালন করছিল। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় ডেটন শান্তি চুক্তির বাস্তবায়ন তদারকি করাই এই মিশনের অন্যতম দায়িত্ব।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কী পরিস্থিতিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত চলছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও নিহতদের স্মরণ করে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, “আমার ভাবনা নিহত ব্যক্তি, তাদের পরিবার এবং সেই সব মানুষের সঙ্গে রয়েছে, যারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মিশনে যুক্ত থেকে বর্তমানে চরম যন্ত্রণাময় মুহূর্ত পার করছেন।”
সূত্র: রয়টার্স।
মন্তব্যসমূহ