দেশের বাজারে সোনা ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। আগের দরের তুলনায় কমেছে ১ হাজার ১০৮ টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) বাজুসের বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকার তথ্য জানানো হয়। একই দিন সকাল ১০টা থেকে নির্ধারিত দাম কার্যকর হয়েছে। এর আগে সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। নতুন দর কার্যকর হওয়ায় এখন থেকে ক্রেতাদের এই পরিমাণ অর্থ কম দিতে হবে।
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। ২১ ক্যারেটের রুপা পাওয়া যাবে ৩ হাজার ৫০০ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৭৪ টাকা।
উল্লেখ্য, এক ভরি সোনার পরিমাণ ১১ দশমিক ৬৬৪ গ্রাম। বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা দামগুলো ভ্যাটসহ ২২ ক্যারেটের সোনার ক্ষেত্রে প্রযোজ্য।
মন্তব্যসমূহ