রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খালকে বর্জ্যমুক্ত করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন তরুণ স্বেচ্ছাসেবীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় ফুটস্টেপস বাংলাদেশের ‘চলো খাল বাঁচাই’ উদ্যোগের আওতায় শুরু হওয়া তিন দিনের এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পর্যন্ত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শুরু হওয়া অভিযানে অংশ নিয়েছেন গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরাও। তাঁরা খাল থেকে জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরির কাজ করছেন।
আয়োজকদের লক্ষ্য, খালের স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধারের মাধ্যমে আশপাশের এলাকার জলাবদ্ধতা কমানো এবং দীর্ঘ মেয়াদে খালটিকে পরিচ্ছন্ন রাখা।
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে খাল পুনরুদ্ধারে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি জানান, খালের সীমানা নির্ধারণের অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ সম্পন্ন করে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘যত বাধাই আসুক, নগরবাসীকে সঙ্গে নিয়ে ক্লিন ও গ্রিন ঢাকা রূপকল্প বাস্তবায়ন করা হবে। খালের সীমানা নির্ধারণের কাজ ৮৫ থেকে ৯০ শতাংশ শেষ। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। খালে ময়লা ফেললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
খাল পরিষ্কারের পাশাপাশি তা পুনরায় বর্জ্যে ভরে যাওয়া ঠেকানোও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ জন্য স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে খালের পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে এমন বর্জ্য ফেলা বন্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্যারিস খাল পরিচ্ছন্নতা উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লে।
তিনি বলেন, রাজধানীর জলাবদ্ধতা কমাতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা প্রয়োজন। এ ধরনের যৌথ পরিচ্ছন্নতা উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
একই সঙ্গে প্যারিস খালের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ফ্রান্স সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
ফুটস্টেপস বাংলাদেশ জানিয়েছে, ‘চলো খাল বাঁচাই’ কার্যক্রমের উদ্দেশ্য কেবল খাল থেকে ময়লা-আবর্জনা সরানো নয়। খালটি যাতে আবারও বর্জ্যের ভাগাড়ে পরিণত না হয়, সে জন্য এলাকার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি বাসিন্দাদের খালে ময়লা না ফেলার বিষয়ে সচেতন করা হচ্ছে।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী আব্দুল জাহিদ বলেন, ‘এই দেশ আমাদের, শহরটাও আমাদের। তাই শহর পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। মানুষকে সচেতন করাও জরুরি। দেশের কল্যাণে কাজ করার লক্ষ্য থেকেই গো আপ ফাউন্ডেশন এই উদ্যোগে যুক্ত হয়েছে।’
সংগঠনটি শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তরুণদের দক্ষতা ও অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করে গো আপ ফাউন্ডেশন।
প্যারিস খাল পরিচ্ছন্নতার উদ্যোগে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ফুটস্টেপস বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
প্যারিস খালের ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
খালটি সম্পূর্ণ পরিষ্কারের পর দুই পাড়ে হাঁটার পথ, বসার জায়গা এবং সবুজ পার্ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
তবে এসব স্থাপনা নির্মাণের নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
আয়োজকেরা আশা করছেন, প্যারিস খালের এই পরিচ্ছন্নতা কার্যক্রম অন্য খালগুলো রক্ষায়ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।
একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খালে বর্জ্য না ফেলার এবং খালটিকে পরিচ্ছন্ন রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্যসমূহ