কিশোরগঞ্জ সদর উপজেলায় মাত্র ২ হাজার ৪০০ টাকা পাওনা চাইতে গিয়ে মো. ইমরান (২৮) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করার পরপরই অভিযুক্ত আবু কালামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে অভিযুক্তের বসতঘরসহ অন্তত তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সোমবার রাত সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতের শিকার হয়ে প্রাণ হারান ইমরান। নিহত ইমরান সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ার চর গ্রামের মো. আবদুস শহীদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে প্যাড়াভাঙ্গা এলাকায় পাওনা ২ হাজার ৪০০ টাকা পরিশোধের দাবি নিয়ে আবু কালামের কাছে যান ইমরান। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবু কালাম ধারালো ছুরি দিয়ে ইমরানের শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইমরান হত্যার প্রতিবাদে এবং ঘাতকের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ বিশ্বরোডের নতুন জেলখানা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য আর্থিক বিরোধকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই বরদাশত করা যায় না। তাঁরা অবিলম্বে অভিযুক্ত আবু কালাম ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণ পরই একদল বিক্ষুব্ধ জনতা পাশেই অভিযুক্ত আবু কালামের বাড়িতে চড়াও হয়। সেখানে ব্যাপক ভাঙচুর চালিয়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে কালামের বসতঘরসহ তিনটি আধাপাকা ও টিনের ঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। মানববন্ধনের পর পরই অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত আবু কালামসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।
মন্তব্যসমূহ