গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছে পুলিশ। সরকার পরিবর্তনের পর পুলিশের পোশাক আবারও বদলানোর সিদ্ধান্তের পর বুধবার থেকে নতুন ইউনিফর্মে মাঠে দেখা গেছে পুলিশ সদস্যদের।
বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাঁকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকে পুলিশ সদস্যরা নতুন পোশাক পরা শুরু করেছেন। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন। যারা পেয়েছেন, তারা নতুন ইউনিফর্মেই দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে পোশাক পরিবর্তনের দাবি ওঠে। পরে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় পুলিশের শার্টের রং লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি-বাদামি ধূসর করা হয়েছিল।
গত বছরের ২৫ নভেম্বর সেই নতুন পোশাকে পুলিশ মাঠে নামলেও পোশাকের রং ও নকশা নিয়ে মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক পুলিশ সদস্য নতুন পোশাক নিয়ে আপত্তি জানান।
পরবর্তী সময়ে নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আবারও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এর ধারাবাহিকতায় গত ১৮ জুন পোশাকের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট থাকবে এবং সামনের অংশে সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।
মহানগর পুলিশের ক্ষেত্রে শার্টের রং হবে হালকা জলপাই। শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং-সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাকের বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। নারী পুলিশ চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে।
নারী পুলিশ সদস্যরা চাইলে মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরাও সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের অনুমোদন নিয়ে সাধারণ পোশাক পরার সুযোগ রাখা হয়েছে।
মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে শার্ট হবে অর্ধহাতা এবং শীতকালে শার্ট হবে পূর্ণহাতা। মাথার আবরণ হবে অনুমোদিত গাঢ় নীল রঙের।
মন্তব্যসমূহ