বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতে পাঠানো হয়।
বেনাপোল সীমান্ত দিয়ে পাঠানো আম কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম রয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে।
এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হবে।
বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবেই এই আম পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্যসমূহ